রাশিয়ার পরমাণু বোমারু বিমান গত ১০ দিনে অন্তত ১৬ দফা মার্কিন আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। আকাশসীমা লঙ্ঘনের এ সব ঘটনা আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলাস্কায় ঘটেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা।

'ওয়েবসাইট দ্যা ওয়াশিংটন ফ্রি বিকন' এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নর্থ আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা ‘নোরাড’ দেখতে পেয়েছে, মার্কিন বিমান প্রতিরক্ষা সীমানার মধ্যে পরমাণু বোমাবাহী ভারী বিমান ‘টিইউ-৯৬ রাশিয়ান বিয়ার এইচ’ দফায় দফায় ঢুকে পড়েছে। এ সব ক্ষেত্রে অনেক সময়ই পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন জঙ্গি বিমান পাঠাতে হয়েছে।

এদিকে, আলাস্কার কাছে রুশ বোমারু বিমানের ঝাঁকের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রুশ বিমানকেও উড়তে দেখা গেছে।

ইউক্রেন সংকট নিয়ে যখন রুশ-মার্কিন টানাপোড়েন তুঙ্গে তখন আমেরিকার আকাশসীমা লঙ্ঘনের এ সব ঘটনা ঘটছে। মার্কিন এক কর্মকর্তা বলেন, মনে হচ্ছে আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতো দ্রুত সাড়া দিতে পারে বা কমান্ড ও কন্ট্রোল সিস্টেম কতোটা কার্যকর তা পরীক্ষা করে দেখছে রুশ বাহিনী।

এদিকে, গত সপ্তাহে রুশ জঙ্গি বিমানের তাড়ার মুখে সুইডেনের আকাশসীমা দু’দফা লঙ্ঘন করে আত্মরক্ষা করেছে মার্কিন গোয়েন্দা বিমান। সূত্র: আইআরআইবি

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ