পাকিস্তানে সন্ত্রাসবাদের পিছনে ভারতের র-এর চক্রান্তের অভিযোগ তুলেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দেশে ‘সন্ত্রাসবাদ চাগিয়ে তোলা’র পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাটির হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি।

খাজা বলেন, পাকিস্তানকে ধ্বংস করতে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতেই তৈরি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-(র) এবং র-কে হাল্কা ভাবে নেয়া উচিত নয়।
এর পাশাপাশি জিও টিভি-কে দেয়া সাক্ষাত্কারে তালিবানের পাশে বসিয়েছেন র-কে। তালিবান আর র-এর স্বার্থ একই বলেও কটাক্ষ করেছেন তিনি।

বালুচিস্তানের তথাকথিত জাতীয়তাবাদীদের পিছনে ভারতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে তার দাবি, ওদের সকলের কাছে ভারতের পাসপোর্ট আছে!

খাজার অভিমত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইস্যুতে ভারত যদি সত্যিই পাকিস্তানের পাশে থাকতে চায়, তবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত তাদের।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের উপস্থিতিতেই রাওয়ালপিন্ডিতে কোর কমান্ডার ও প্রধান স্টাফ কমান্ডারদের মাসিক অধিবেশনের আলোচনায় বালুচিস্তান প্রসঙ্গে বিস্তারিত কথা হয়েছে।পাকিস্তানে সন্ত্রাসবাদ উসকে দেয়ার পিছনে র-এর ভূমিকা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে সেই বৈঠকে, জানিয়েছেন বাজওয়া।

পাকিস্তানে সন্ত্রাসবাদে র-এর হাত থাকার অভিযোগ এল মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম) গোষ্ঠীর দুই সদস্য গ্রেফতার হওয়ার এক সপ্তাহের মধ্যে। পাকিস্তান পুলিশের দাবি, ধৃত এমকিউএম সদস্যরা র-এর সদস্য, ভারতে ওদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ওই দুজনের গ্রেফতারির পর এমকিউএম প্রধান আলতাফ হুসেন এক টিভি ভাষণে র-এর সমর্থন চান।এ নিয়ে পাকিস্তানে শোরগোল পড়ে যায়।পরে অবশ্য এজন্য ক্ষমা চান আলতাফ।

বৈঠকে পাকিস্তানের অভ্যন্তরীণ ও সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বাজওয়া জানান।বলেন, দেশে স্থায়ী শান্তি কায়েম রাখতে অপরাধী, সন্ত্রাসবাদী ও শহরে তাদের মদতদাতাদের বিরুদ্ধে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান তীব্র করতে নির্দেশ দেয়া সংশ্লিষ্ট সবাইকে।

ইআর