[b]মন্টানা:[/b] প্রতারণার অভিযোগে মার্কিন বিমান বাহিনীর ৩৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে দক্ষতা যাচাইয়ে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পর্যন্ত রয়েছেন।
মন্টানার ম্যাল্মস্ট্রম বিমান ঘাঁটিতে কর্মরত ওই বিমান কর্মকর্তারা অন্যদেরকে পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করেছিলেন। অন্য কর্মকর্তা তা জানলেও সেই বিষয়ে নিশ্চুপ ছিলেন। ফলে, উভয় পক্ষকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার ঘটনা সত্যতা স্বীকার করে  আমেরিকান বিমান বাহিনীর সেক্রেটারি ডেবোরা লি বলেন,“এটা মোটেও গ্রহণযোগ্য না। এটা বিমান বাহিনীর একতা এবং সমন্বয়ের সঙ্গে সাংঘর্ষিক। এটা বিমানবাহিনীর কিছু কর্মীর ব্যর্থতা,পুরো পারমাণবিক মিশনের না।”
২০১২ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটে। আমেরিকান বিমান বাহিনীতে মাদক বিষয়ক একটি তদন্ত চলার সময় এই প্রতারণার বিষয়টি উঠে আসে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে পেন্টাগন বলছে,এই ধরনের প্রতারণার ঘটনা এই প্রথম ঘটলো।
এর আগে মাদক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আমেরিকান বিমান বাহিনীর ১০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
এ ছাড়াও ২০১২ সালের অক্টোবরে বিশ্বাস ভঙ্গের অভিযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে জড়িত মেজর জেনারেল মিশেল ক্যারিকে বহিষ্কার করা হয়। সূত্র: বিবিসি