নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কমিউনিটির নের্তৃবৃন্দ। স্থানীয় সময় গত রোববার বিকাল ৪টায় ব্রঙ্কসের ১০০১ লগান এভিনিউর (জাকির খানের হত্যাকান্ড স্থল) সামনে জাকির খান হত্যাকান্ডের প্রতিবাদ সভা ও তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল থেকে এ দাবি জানান হয়। বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।এদিকে, জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড এক এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।

প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে জাকির খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম দোয়া মুনাজাত পরিচালনা করেন।

বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান হোজে রিভেরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা. বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান সহ আরও অনেক নেতৃবৃন্দ। নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তারা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খাঁনের নির্মম হত্যাকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সবার একটাই দাবি খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়। সভায় হত্যাকারীর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় জাকির খান হত্যাকান্ডের বিচারকাজে আইনী সহায়তা প্রদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে ফান্ড রাইজিং করার ঘোষনা দেয়া হয়। বক্তারা নিহত জাকির খানের স্মৃতির উদ্দেশে স্থায়ী কোন সামাজিক উদ্যোগ নেয়া যায় কিনা তা ভেবে দেখারও প্রস্তাব রাখেন।

জাকির খান অতি সম্প্রতি যে স্থানটিতে নিমর্মভাবে খুন হয়েছিলেন ব্রঙ্কসের সেই লগান এভিনিউর বাড়ির সামনে আয়োজিত প্রতিকি প্রতিবাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ ও তার আত্মীয় স্বজনরা উপস্থিত হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়।

ব্রঙ্কস কমিউনিটি বোর্ড এর নিয়মিত সভায় বোর্ডের অন্যতম মেম্বার শাহজাহান শেখের প্রস্তাবনায় একটি শোক প্রস্তাব পাস হয়। বোর্ড এর পক্ষ থেকে গত ২ মার্চ পরিবারের কাছে প্রেরিত এক চিঠিতে মরহুম জাকির খানের স্ত্রী, সন্তান ও পরিবার পরিজনের এই অপূরনীয় ক্ষতিতে সর্বশক্তিমানের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালা তাহার বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ির মালিকের সঙ্গে বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি শেষপর্যন্ত পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
জেড/সাখাওয়াত হোসেন