প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ লাখ ১ হাজার ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, আজ (১৯ জুলাই) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ৬ লাখ ১ হাজার ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৭০৬ জনে।
জেএইচইউ’র তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রোববার (১৯ জুলাই) পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৪ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ।
আর সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ১১৯ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৮১ জন।
একই দিনে নতুন করে আরও দুই হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ দুই হাজার ৬৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এমবি





