ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী তেহরানের ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বিমানবন্দরের কাছে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ইউক্রেনের একজন নাগরিক। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং ফার্স নিউজ জানায়, রোববার সকালে তেহরানের পশ্চিমে মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই ৯টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর তাবাসের দিকে যাচ্ছিল।

ইরানের এয়ারপোর্ট কোম্পানির ব্যবস্থাপনা-পরিচালক ইখানি বলেছেন, বিমানটিতে ৪০ জন যাত্রী ছিলেন। এ ছাড়া ৮ জন ক্রু (পাইলট, কো-পাইলট, ২ জন ফ্লাইট টেকনিশিয়ান, ২ জন বিমানবালা, ২ জন নিরাপত্তাকর্মী) ছিলেন বিমানটিতে।

13930519000223_PhotoJ

বিমানটি রানওয়ের শেষে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর কয়েক সেকেন্ডের জন্য আকাশে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

ফার্স নিউজের খবরে বলা হয়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

এছাড়া, বিমান বিধ্বস্ত হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ৩ থেকে ৭ জন ব্যক্তি আহত হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কারণে নতুন বিমান বা বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করা ইরানের জন্য কার্যত অসম্ভব হয়ে গেছে হয়ে উঠেছে। এ কারণে ইরানের যাত্রীবাহী বিমান সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ইরানের উত্তরাঞ্চলীয় অঞ্চলে। ২০১১ সালে বরফ-ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে জরুরি অবতরণ করার সময়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন আরোহী নিহত হয়েছিলেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই