যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে বৃহস্পতিবার পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ নারী নিহত হয়েছেন।

তবে নিহত ওই নারী আগে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে এমন এক সময়ে এ ঘটনাটি ঘটল যখন পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদে প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেছে ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহর।

আটলান্টার এক পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় বেলা ৫টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়। তিনি ছিলেন পিছনের আসনে। একটি গাড়ি চুরির মামলায় তাকে আটক করা হয়। গাড়িতে ওঠার পর তিনি নিজের ব্যাগ থেকে হাতবন্দুক বের করে গাড়ির সামনের আসনে বসে থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। জবাবে গুলি চালায় পুলিশও। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনার ওপর তদন্ত চলছে। পুলিশ কতগুলো গুলি চালিয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ওই নারীর গুলিতে কোনো পুলিশ আহত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য,গত ১৯ এপ্রিল পুলিশের হাতে আটক কৃষ্ণাঙ্গ যুবক নাগরিক ফ্রেডিগ্রে-র (২৫) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। এ অবস্থায় কৃষ্ণাঙ্গ নারীর মৃত্যুর ঘটনাটি যুক্তরাষ্ট্রে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেএইচ