ভূমধ্যসাগরে গত রোববার ডুবে যাওয়া নৌকার কাপ্টেন ও একজন ক্রুকে গ্রেফতার করেছে ইতালি। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ওই নৌকাডুবিতে শতাধিক অভিবাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ওই ক্যাপ্টেন ও ক্রুকে মানবপাচারের সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ২৭ জনের মধ্যে তারাও রয়েছেন। তারা সবাই সোমবার রাতে ইতালির সিসিলি দ্বীপে পৌঁছায়।
ভূমধ্যসাগরীয় অভিবাসীদের সংকট দূরীকরণে ইউরোপীয় ইউনিয়ন কর্মপরিকল্পনা পেশ করার পর তাদের গ্রেফতার করা হলো। ইউরোপের দিকে আসতে থাকা অভিবাসীদের স্রোত নিয়ন্ত্রণ করতে-দশ দফার একটি প্যাকেজ ঘোষণা করেছে ইইউ।
সেখানে বলা হয়েছে ভূমধ্যসাগরে অনুসন্ধান ও উদ্ধার তত্পরতা আরো জোরদার করা হবে এবং নৌপথে মানব পাচারকে নিরুত্সাহিত করতে একধরণের প্রচারণা শুরু করা হবে।
রোববারের নৌকাডুবির ঘটনায় প্রথমে ৭০০ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় ৮০০ জনের মতো মানুষ মারা গেছে।
নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টায় শুধু চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৬০০ বেশি অবৈধ অভিবাসী মারা গেছে।
এবছরের ১০ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিল এই মোটে সাত দিনে ১৩ হাজারের বেশি মানুষকে নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।
এআর





