সিন্ধু চুক্তি বাতিল করে পাকিস্তানে নদীর পানি বন্ধ করে দেবে ভারত? কাশ্মিরের উরিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সিন্ধু নদীর পানি বন্ধ করা হতে পারে বলে ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে।
খবরে বলা হয়, জওহরলাল নেহরুর আমলে হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠক ডেকেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার নির্যাস, ক্রমেই ঘনাচ্ছে সিন্ধু নিয়ে ভারত-পাক 'পানিযুদ্ধ'-এর আবহ।
১৯৬০ সালে করাচিতে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তত্কালীন পাক প্রধানমন্ত্রী আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি সাক্ষরিত হয়। সপ্তসিন্ধুর মধ্যে উত্তর ভারতের ছটি নদীর পানি ভাগ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের নিয়ন্ত্রণে পড়ে বিপাশা, ইরাবতী, শতদ্রু। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলম বা বিতস্তা।
পাক নিয়ন্ত্রিত সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের মূল প্রবাহ ভারতেই। সিন্ধু নদের মাত্র ২০ শতাংশ ভারত ব্যবহার করে। কিন্তু পাকিস্তান কৃষির জন্য এই তিন নদীর উপর অনেকটাই নির্ভরশীল। তাই পাকিস্তানের ভয়, ভারতে প্রবাহিত ওই তিন নদীর পানি বন্ধ হয়ে গেলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ খরার কবলে পড়বে।
এম এ





