ভারতের রাচিতে একটি হাসপাতালে মেঝেতে খেতে দেওয়া হল রোগীকে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার সোশ্যাল সাইটে ভাইরাল হয় রাঁচি ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের রোগী মুন্নি দেবীর (৪৬) ছবি।
মানসিক রোগে আক্রান্ত ওই রোগীকে হাসপাতালের বারান্দার মেঝেতে ভাত খেতে দেখা যায়। এমনকি কোনো থালাও ছিল না সেখানে। এর পরই সমালোচনার ঝড় ওঠে।
মনোজ মিশ্র নামে একজন ছবিটি তুলেছেন। সেই ব্যক্তি জানান, মুন্নি দেবীর কাছে থালা ছিল না। হাসপাতালের পক্ষ থেকেও তাকে থালা দেওয়া হয়নি। ফলে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তি তাকে মেঝেতেই ভাত, ডাল, তরকারি ইত্যাদি দিয়ে চলে যান। যদিও ঝাড়খণ্ডের হাসপাতালে বিনামূল্যে থালা-গ্লাস পাওয়ার কথা রোগীদের।
ঘটনার পর হাসপাতালের তরফে প্রথমে জানানো হয়, তাদের কাছে থালা ছিল না। পরিস্থিতি বেগতিক বুঝে পরে সাফাই দেওয়া হয়, মুন্নি দেবী হাসপাতালের নথিভুক্ত রোগী নন।
খবরে বলা হয়, ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর গঠন করা ৩ সদস্যের তদন্তকারী কমিটি হাসপাতাল ঘুরে এসেছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে জবাবদিহি তলব করেছে রাঁচি হাইকোর্ট। চাপের মুখে অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করেছে সরকার।
ঝারখণ্ডের উচ্চ আদালত শুক্রবার বিকেলে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।
এমএনজে





