পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হোটেল কক্ষে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহে নির্বাচনী প্রচার শেষে নারায়ণপুরের ‘গোল্ডেন পার্ক’ নামে একটি হোটেলে উঠেছিলেন মমতা। সাড়ে ৬টায় হঠাৎ করে তার কক্ষের এসি মেশিনে আগুন লাগে। মুহূর্তেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। মুখ্যমন্ত্রী সে সময় টয়লেটে ছিলেন। ধোঁয়ার গন্ধ নাকে আসতেই চিৎকার দেন মমতা। মুখ্যমন্ত্রীর চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন তার সফরসঙ্গীরা। গায়ে কম্বল জড়িয়ে তাকে সেখান থেকে বের করে আনা হয়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দমকলকর্মীরা। একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী মদন মিত্র মালদহে মমতার সফর সঙ্গী ছিলেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অক্ষত ও সুস্থ রয়েছেন।
এদিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন, সেখানে নিরাপত্তা আরও বেশি হওয়া উচিত।" সূত্র: জিনিউজ,আইআরআইবি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]