আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই পরিবেশ গরম করতে মাঠে নেমে পড়েছেন প্রেসিডেন্ট প্রার্থীরা। তাদেরই একজন হচ্ছেন মেরি লা পেন। চরম ডানপন্থী এই প্রেসিডেন্ট প্রার্থী পাবলিক প্লেসে মুসলিম নারী হিজাব পরা নিষিদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
ফ্রান্সের রাজনীতিতে খুবই সুপরিচিত মুখ এই লা পেন। বিগত নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ব্যাপক টক্কর দিয়েছিলেন তিনি। সেই লা পেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেন।
লা পেন বলেন, আমি মনে করি হেডস্কার্ফ একটি ইসলামি পোশাক। এসময় তিনি বলেন, তার প্রস্তাবিত আইনে ‘ইসলামি মতাদর্শ’ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এই মতাদর্শকে তিনি ‘কর্তৃত্ববাদী এবং সহিংস’ বলেও মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা পেনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অধিকার কর্মী। আর এটা নিশ্চিতভাবেই অসংবিধানিক হিসেবে বাতিল হয়ে যাবে।
২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম বিরোধী ভাষা প্রয়োগ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন লা পেন। কিন্তু তখন রাজনীতিতে নতুন মুখ ম্যাক্রোঁর কাছে বহু ভোটের ব্যবধানে হেরে যান। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে একই ধরনের ভাষা ব্যবহার করছেন লা পেন।
এ ধরনের জেনোফোবিক, অ্যান্টি-ইইউ এবং অভিবাসী বিরোধী সুর চড়িয়ে নির্বাচনী বৈতরনী পার হতে চাইছেন লা পেন। এখন পর্যন্ত নিজের সেই প্রচেষ্টায় অনেকটাই সফলও হয়েছেন তিনি। হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ পরিচালিত এক অনলাইন জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ভোটার তাকে সমর্থন করে।
এমআর





