গাজায় প্রতি ঘণ্টায় এক ফিলিস্তিনি শিশু ইসরাইলি আগ্রাসনের শিকার হচ্ছে বলে জাতিসংঘের নতুন রিপোর্টে দাবি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০১৪) প্রকাশিত জাতিসংঘের এই রিপোর্টে বলা হয় গাজায় ইসরাইলি আগ্রাসনে গত দুদিনের হিসেবে দেখা গেছে গড়ে প্রতি ঘণ্টায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

জাতিসংঘের এই রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের মধ্যে ৭৪ শতাংশই বেসামরিক নাগরিক। হত্যাকান্ডের শিকার এই সাধারণ নাগরিকদের তিনভাগের একভাগই শিশু।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনও দাবি করছে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। আর এদের সিংহভাগই আবার নারী ও শিশু।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজার প্রত্যন্ত সব অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী যে কর্মকান্ড করেছে তা সুস্পষ্ট যুদ্ধাপরাধের শামিল। নাভি পিল্লাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক জরুরী অধিবেশনে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন।

বিশ্ব বিবেককে তোয়াক্কা না করে গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলের বর্বর হামলার ১৬ দিনের মাথায় জাতিসংঘের পক্ষ থেকে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো।

এদিকে অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের হামলায় বুধবার ৩০জনেরও বেশি নিহত হয়েছেন। এমনকি গত কয়েকদিনে ইসরাইল গাজার দুটি হাসপাতালেও হামলা করেছে। এছাড়া ইহুদীবাদী বাহিনী গাজার অন্যতম শিফা হাসপাতালকে অবিলম্বে জনশূন্য করতে ফিলিস্তিনিদের প্রতি নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী গত ৮ জুলাই থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬৬৫ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ২০০শ জন আহত হয়েছেন। (সূত্র: প্রেসটিভি)

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি