জিম্বাবুয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দুই সপ্তাহের বেশি সময় পর বুধবার দেশে ফিরছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে তার শপথ অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তাকে বরখাস্তের পর তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান। এমারসনের ব্যক্তিগত সহকারি ল্যারী মাহিমা বলেন, ‘কমরেড নানগাগওয়া আজ দেশে ফিরছেন।’ দেশে পৌঁছে তিনি গণমাধ্যমে ব্রিফিং করবেন বলে ধারণা করা হচ্ছে।
নানগাগওয়াকে বরখাস্ত করার জের ধরে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও ক্ষমতাসীন দল জানু পিএফের বিরোধিতায় ৩৭ বছর শাসন করা মুগাবেকে পদত্যাগ করতে হয়। মঙ্গলবার মুগাবের পদত্যাগের সিদ্ধান্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে জিম্বাবুয়ের জনগণ।
জানু পিএফ দলের মুখপাত্র নিশ্চিত করেছেন, নানগাগওয়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। জিম্বাবুয়ে ব্রডকাস্টিং কর্পোরেশন নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট হিসেবে তার শপথ শুক্রবার অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক চতুরতার জন্য ‘কুমির’ নামে খ্যাত নানগাগওয়া এক বিবৃতিতে দেশ পুনর্গঠনে জিম্বাবুয়ের নাগরিকদের এক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সবাই মিলে আমরা গণতন্ত্রে শান্তিপূর্ণ পালাবদল করব এবং জিম্বাবুয়াইনদের শান্তি ও একতার নতুন সূচনা করব। বিবিসি। 
এমএ