ফ্লাইট পরিকল্পনার জন্য ব্যবহৃত গ্রাউন্ড কম্পিউটারে হ্যাকারদের হামলার কারণে যাত্রা বাতিল করে পোল্যান্ডের এলওটি এয়ারলাইনের প্রায় ১৪০০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রোববার ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-র চোপিন বিমানবন্দরে।
ওই দিন বিকেলে কম্পিউটার সিস্টেমটি হ্যাকিংয়ের শিকার হয়। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর সিস্টেমটিকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
কিন্তু এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থাটির ১০টি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয় এবং আরো ডজনখানেক ফ্লাইটের যাত্রা বিঘ্নিত হয়, জানিয়েছে এলওটি-র মুখপাত্র আদ্রিয়ান কুবিককি।
যে সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছিল তাদের কিছু অংশ দীর্ঘ অপেক্ষার পর ফের বিমানে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে পারলেও অধিকাংশই তা পারেননি। রোববার সন্ধ্যায় এসব যাত্রীকে বিশেষ সেবা দিতে হয়েছে এয়ারলাইন কোম্পানিটির।
ফ্লাইট বাতিলের পর যেসব যাত্রী রাতে বাসায় ফিরতে পারেননি তাদের হোটেলে থাকার ব্যবস্থা করতে হয়েছে বলে জানিয়েছে এলওটি।
কুবিককি জানিয়েছেন, ফ্লাইটগুলোর নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়া হয়নি।
তিনি আরো জানিয়েছেন, ওয়ারসতে আসা বিমানগুলো নিরাপদেই অবতরণ করেছে এবং অন্য কোনো বিমানবন্দরে এ ঘটনার প্রভাব পড়েনি।
সাইবার হামলার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বিমান সংস্থা আক্রান্ত হলেও বিমানবন্দরের কার্যক্রম আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন চোপিন বিমানবন্দরের মুখপাত্র।
জেআই





