বৃহত্তর যুক্তরাজ্যের সঙ্গে একীভূত থাকবে, নাকি বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করবে এ বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে স্কটল্যান্ডের জনগণ।

‘স্কটল্যান্ডের কি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত?’ শীর্ষক গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে এ সিদ্ধান্ত নেবে ব্রিটিশ অঞ্চলটির জনতা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে ২,৬০৮টি কেন্দ্রে গণভোট শুরু হবে। গণভোটে অংশ নেবে ৪২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ।

ভোটগ্রহণের পর স্কটল্যান্ডের ৩২টি স্থানীয় প্রশাসনিক এলাকায় গণনা শেষে শুক্রবার সকাল নাগাদ ফলাফল ঘোষণা করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, একযোগে ভোটগ্রহণের পর গণনা শেষে তা এডিনবার্গে প্রধান গণনা কর্মকর্তা (সিসিও) ম্যারি পিটকাইথলির কার্যালয়ে পাঠিয়ে দেবেন আঞ্চলিক কর্মকর্তারা।

এরপর ম্যারির অনুমোদনক্রমে ওই কর্মকর্তারা নিজেদের অঞ্চলের ফলাফল ঘোষণা করবেন।

৩২টি আঞ্চলিক প্রশাসনিক এলাকা থেকে ফলাফল ঘোষণার পর সিসিও ম্যারি এডিনবার্গের রয়্যাল হাইল্যান্ড সেন্টার থেকে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ম্যারি জানান, তিনি শুক্রবার নাস্তাগ্রহণের (ব্রেকফাস্ট টাইম) সময় ফলাফল ঘোষণা করবেন।

তার ঘোষণা অনুযায়ী ফলাফল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে পাওয়া যাবে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবারের গণভোট যদি স্বাধীনতার পক্ষে যায়, তবে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ৩০০ বছরের সম্পর্কের ছেদ হবে স্কটল্যান্ডের। স্কটল্যান্ডের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ফের ভাঙতে শুরু করবে ব্রিটিশ সাম্রাজ্য।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ