আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে সরকারকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ। একই সঙ্গে দেশটিতে ভারতীয় প্রভাব কমানোর পরামর্শও দিয়েছেন তিনি। খবর ডননিউজের।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে গত বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মুশাররফ বলেন, ‘গত সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানির অভিষেকে সরকারের সঙ্গে তালেবান ও সংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠনগুলোর বিদ্যমান সমস্যা মীমাংসার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আশরাফ ঘানি একজন ভারসাম্যপূর্ণ মানুষ। আমি মনে করি, তার উচ্চাশা রয়েছে।’

তালেবানদের সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকে বুঝতে হবে আমরা মোল্লা ওমরের মুখের কথা বলছি না…। বুঝতে হবে জীবন কী, আফগানিস্তানের পরিস্থিতি কী।’

এ সময় ভারত আফগান বিদ্রোহীদের সহযোগিতা করছে বলে অভিযোগ তুলেন মুশাররফ। তিনি বলেন, ‘আফগানিস্তানে বিচ্ছিন্নতাবাদী বেলুচদের অস্ত্র, প্রশিক্ষণ ও সরঞ্জামাদি সরবরাহ করছে ভারত।’

তিনি আরও বলেন, আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের উদ্বেগের যথার্থতা বিবেচনা করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।

সাক্ষাৎকারে পাকিস্তান ও ভারতকে ছায়াযুদ্ধ থেকে বিরত থাকারও আহ্বান জানান মুশাররফ।

এএইচ