মিসরে সেনা চৌকিসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে কমপক্ষে ৩০ জন সেনাসদস্য বলে জানা গেছে।

বুধবার সিনাই উপত্যকায় এসব হামলা চালানো হয়। এ ছাড়া একটি পুলিশ স্টেশনেও হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় দু’টি তল্লাশি কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর প্রায় সব সদস্য নিহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। অনলাইনে আইএস জঙ্গিদের এক বিবৃতিতে বলা হয়, ১৫টি নিরাপত্তা স্থাপনাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে তিনটি ছিল আত্মঘাতী হামলা।

হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মিসরের সেনাবাহিনী। এসব হামলার সঙ্গে প্রায় ৭০ জন জড়িত ছিল বলে জানা গেছে। হামলার পর মিসরের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মিসরের বর্তমান প্রেসিডেন্ট সিসি’র ঘনিষ্ঠ ইসরায়েল।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উত্তর সিনাইয়ের অন্তত পাঁচটি নিরাপত্তা চৌকিতে প্রায় ৭০ জন একযোগে হামলা চালায়। ২২ হামলাকারী নিহত নিহত হয়েছে। তাদের ব্যবহৃত তিনটি যানবাহনও ধ্বংস করা হয়েছে।

হামলার পর ঘটনাস্থলে তৎক্ষণাৎ বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র : আল জাজিরা, নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

জেআই