ন্যাটো সামরিক জোট প্রথমবারের জন্য পূর্ব ইউরোপে নতুন ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে।

বুধবার গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ইউক্রেন সঙ্কটের সৃষ্টি হওয়ায় পরিপ্রেক্ষিতে ন্যাটো এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, আগামি সপ্তাহে ব্রিটেনের কার্ডিফে অনুষ্ঠেয় বৈঠকে জোটবদ্ধ দেশগুলোর মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করা হবে।

রাসমুসেন বলেন, ইউরোপে দ্রুত এবং তড়িৎ সামরিক পদক্ষেপ নিতে আমরা একটি কার্যকরী পরিকল্পনা হাতে নেব। তিনি ইউক্রেনের নিরাপত্তাসহ দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং যেকোন দেশের বিশেষ করে রাশিয়ার হুমকি মোকাবেলায় জোটের পরিকল্পণার একটি পথ নির্দেশনা দেন।

ন্যাটো প্রধান আরো বলেন, সামরিক জোট যতদিন প্রয়োজন ততদিন সেখানে থাকবে। অবশ্য কিছু সদস্য দেশ পূর্ব ইউরোপে স্থায়ীভাবে ন্যাটোর সামরিক জোট উপস্থিতির বিরোধীতা করে বলেছে, এ ধরনের ঘাঁটি রাশিয়ার সঙ্গে করা স্নায়ুযুদ্ধ পরবর্তী চুক্তির সরাসরি লঙ্ঘন হবে। এতে মস্কো মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে বলে তারা মনে করেন।

 আমেরিকা এবং ব্রিটেন এ ধরণের পরিকল্পনা সমর্থন করে এবং অন্যদিকে ফ্রান্স, ইতালি এবং স্পেন সামরিক স্থাপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ইউক্রেন সঙ্কটের সৃষ্টির জন্য ন্যাটো জোট রাশিয়াকে দায়ী করেছে। অবশ্য মস্কো ন্যাটোর এ দাবী প্রত্যাখ্যান করেছে। গত এপ্রিলে কিয়েভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের উপর সামরিক হামলা শুরু করেন।

পূর্ব ইউক্রেনে এ পর্যন্ত ২২০০ জনেরও বেশি নিহত হয়েছেন এবং অপর আরো প্রায় তিন লাখ মানুষ বেশি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই