মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরে দু’টি নৌযানে হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় এ হামলা চালানো হয়েছে বলে শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে তারা দু’টি নৌযানের ওপর হামলা চালিয়েছে। এতে একটি নৌযানে তিনজন এবং অপরটিতে দু’জন নিহত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় আরেকটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনায় চারজন নিহত হয়।

মার্কিন সেনাবাহিনীর দাবি, দু’দিনের হামলায় নিহত নয়জন ‘মাদক সন্ত্রাসী’ ছিলেন। তবে যুক্তরাষ্ট্র এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এদিকে ল্যাটিন আমেরিকার নেতারা ও আইন বিশেষজ্ঞরা মার্কিন হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তবে ট্রাম্প মাদক পাচার বন্ধ করার জন্য এই হত্যাকাণ্ডকে প্রয়োজনীয় বলে ন্যায্যতা দেয়ার চেষ্টা করেছেন।

তিনি ল্যাটিন আমেরিকায় সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারকারী চক্রের তত্ত্বাবধানের অভিযোগ এনে ক্ষমতা থেকে অপসারণের হুমকি দিয়েছেন।

সূত্র : আল জাজিরা

এনএইচ