ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক অফিস সহকারী ইউহানান লোকারকে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়েছে।

নেতানিয়াহুর সাবেক সামরিক অফিস সহকারী গুপ্তচরবৃত্তি করেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। খবর ইসরাইলি দৈনিক হারেৎজের।

তবে তিনি কোন দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন তা উল্লেখ করা হয়নি। কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় খবরটি প্রকাশে বিলম্ব হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, ইউহানান লোকার দীর্ঘ দিন নেতানিয়াহুর দফতরে কাজ করেছেন এবং নেতানিয়াহু নিজে তাকে ওই পদে বসিয়েছিলেন।

তাকে সামরিক বাজেট পর্যালোচনা কমিটির প্রধান হিসেবেও নিয়োগ দেয়া হয়েছিল।

এর আগে ইউহানান লোকারকে ইসরাইলি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগেরও প্রস্তাব দেয়া হয়েছিলেন।

গত বছর ফেব্রুয়ারিতে গুপ্তচরবৃত্তির দায়ে নিজেদের এক সাবেক মন্ত্রীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের আদালত।

ইরানের কাছে অতিগোপন তথ্যসহ বিভিন্ন ধরনের তথ্য পাচারের দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে তখন জানানো হয়।

তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলি ওই মন্ত্রীর গুপ্তচরবৃত্তি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এমআর