ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আজ পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ১২১টি আসনে  ভোটগ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার  সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এ পর্বে পশ্চিমবঙ্গের ৪টি, রাজস্থানের ২০টি, জম্মু ও কাশ্মীরে একটি লোকসভা কেন্দ্রে, কর্ণাটকে ২৮টি, মধ্য প্রদেশে ১০টি, মহারাষ্ট্রে ১৯টি, উত্তর প্রদেশে ১১টি, বিহারে ৭টি, মণিপুরে একটি আসনে ঝাড়খণ্ডে ৬টি, ছত্তিশগড়ে ৩টি এবং উড়িষ্যায় ১১টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের চার লোকসভা কেন্দ্র – দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা আসনে ভোট নেয়া হচ্ছে আজ। রাজ্যে প্রথম দফার শুরুতেই কোচবিহারের তিনটি বুথে ফরওয়ার্ড ব্লকের পোলিং এজেন্টদের পুলিশের সামনেই মারধর, আলিপুরদুয়ারে আরএসপি’র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আরএসপি প্রার্থীর পোলিং এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে।  তবে তৃণমূল তা অস্বীকার করেছে।
এদিকে, ইভিএম বিকল হয়ে পড়ায় জলপাইগুড়ি ও  কোচবিহারের কয়েকটি বুথে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। 
উল্লেখ্য, পঞ্চম দফা ভোটে নন্দন নিলেকানি, শত্রুঘ্ন সিনহা, অনন্ত কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মানেকা গান্ধী, যশবন্ত সিং, এইচ ডি দেবগৌড়া, বীরাপ্পা মইলি, মিসা যাদব–এর মতো হেভিওয়েট প্রার্থীসহ মোট ১,৭৬৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]