ইরাকের প্রাচীনতম ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৩৫০ জন সদস্যকে মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

মুক্তি পাওয়া ইয়াজিদিরা আইএস নিয়ন্ত্রিত এলাকা ছেড়েছে এবং ইরাকের উত্তরাঞ্চীয় শহর কিরকুকের কাছ থেকে তাদের গ্রহণ করেছেন দেশটির কুর্দিস কর্মকর্তারা। তবে কেন তাদের মুক্তি দেওয়া হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।

গত বছর ইরাকের উত্তরাঞ্চলের ইয়াজিদি অধুষ্যিত এলাকায় হামলা চালিয়ে কয়েক হাজার লোককে অপহরণ করে আইএস জঙ্গিরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ওই সব ইয়াজিদিদের মুক্তি দেওয়া হয়। তবে তাদের অধিকাংশ বৃদ্ধা ও অসুস্থ। বেশকিছু অসুস্থ শিশুসহ মুক্তি পাওয়া ইয়াজিদিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে কুর্দি পেশমার্গা বাহিনী।

ইয়াজিদিদের অধিকার রক্ষা সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা খোদর দামিল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মুক্তি পাওয়া ইয়াজিদিদের অনেকে আহত, কিছু প্রতিবন্ধী, আর অধিকাংশ মানসিক রোগে ভুগছেন।’

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ারে বসা একজন বৃদ্ধ এএফপিকে বলেন, ‘আমরা খুব কষ্টে ছিলাম, শুধুমাত্র খাবারের জন্যই নয়, ভয়ে আতঙ্কে।’

ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত তিন হাজার নারী ও শিশু এখনো আইএসের হাতে আটক রয়েছে। তাদের অনেকে আইএস যৌনদাসী করে রেখেছে। আবার অনেকে জোর করে বিয়ে করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।  

ইয়াজিদি অধুষ্যিত এলাকা সিনজার থেকে গত মাসে আইএস জঙ্গিদের হটিয়ে দেয় পেসমার্গা বাহিনী। কিন্তু এখনো ইয়াজিদিদের অনেক গ্রাম আইএসের দখলে রয়েছে।তথ্যসূত্র : বিবিসি।

ইআর