চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা প্রায় গণহত্যার শামিল। আন্তর্জাতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
রবার্ট ও’ব্রায়ান বলেন, ‘উইঘুর নারীদের মাথা মুড়িয়ে, সেই চুল দিয়ে নানা পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে চীন। গণহত্যা যদি নাও হয়ে থাকে, তাহলেও একে প্রায় গণহত্যারই সমান বলা যায়।’
গত কয়েক বছরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চীনা প্রশাসনের নিপীড়নমূলক বহু তথ্যই সামনে এসেছে। শোনা গেছে, লাখ লাখ উইঘুর মুসলিম ডিটেনশন ক্যাম্পে বন্দি। যদিও চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।
রবার্ট ও’ব্রায়ান জানান, সম্প্রতি চীনের জিনজিয়াং থেকে আসা বহু পণ্য আটক করে মার্কিন শুল্ক ও সীমান্ত নিরাপত্তা দপ্তর। মানুষের মাথার চুল দিয়ে সেসব পণ্য তৈরি করা হয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিলেন, উইঘুরদের বন্দি করে নির্বীজকরণ, গর্ভপাত এবং পরিবার সংকোচনে বাধ্য করা হচ্ছে।
এএস





