ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা ও একসময়ের আলোচিত অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। খবর এনডিটিভির।
শুক্রবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলার সময় ধর্ষণ নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন।
রুপা গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তৃণমূল নেতাকর্মীদের স্ত্রী ও মেয়েদের বাংলায় পাঠান…সেখানে ১৫ দিন থাকার পর তারা যদি ধর্ষণের শিকার না হয়, তারপর আমাকে এসে বলবেন।
রুপার এমন বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
দলটির আইনপ্রণেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাল্টা জবাবে বলেন, গোটা রাজ্যকে অভিযোগ করার আগে তিনি কয়বার বাংলায় এসে ধর্ষণের শিকার হয়েছেন এটাও বলা উচিত। তাহলেই কেবল তার (রুপার) বক্তব্যের সত্যতা পাওয়া যাবে।





