ইকুয়েডরের আমাজনে চীনের নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি ও ১২ জন আহত হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এক টুইটার বার্তায় বলেন, দুর্ঘটনায় চীনের তিন নাগরিক ও ইকুয়েডরের ১০ জনের প্রাণহানি হয়েছে।
ইকুয়েডরের সরকারি রেডিও’র খবরে বলা হয়েছে, কোকা কোডো সিনক্লেয়ার নামক জলবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিন কক্ষে প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
প্রকল্পের শীর্ষ নিয়ন্ত্রণ বিষয়ক কারিগর ডেনিস সালগাদো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জলবিদ্যুৎ কেন্দ্রের যে অংশে চাপ সৃষ্টি হয় সেখানে ত্রুটি পাওয়া গেছে।’
চীনের অর্থায়নে নির্মাণাধীন এ কেন্দ্রে ৭ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। এদের মধ্যে ২০ শতাংশ শ্রমিক চীনের নাগরিক। কেন্দ্রটি আমাজনিয়ান ন্যাপো ও সুকুমবিওস রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। আহতদের এল চাকো শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চীনের সিনোহাইড্রো কোকা কোডো সিনক্লেয়ার নামক জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এটি চালু করার সময়সীমা নির্ধারিত রয়েছে। ইকুয়েডরের বর্তমান চাহিদার ৩৬ শতাংশ বিদ্যুৎ এ কেন্দ্র থেকে উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।
এমএ





