ইংল্যান্ডের লন্ডন ব্রিজে শুক্রবার হামলায় দুজন নিহত ও আরো তিনজন হয়েছে। পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। নিহতদের মধ্যে একজন হামলাকারী বলেও প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারী ইতোপূর্বে সন্ত্রাসী হামলার দায়ে কারাভোগ করেছেন বলে বিবিসি জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, লন্ডন ব্রিজে এলোপাথাড়ি কোপানোর ঘটনাকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে। ছুরিকাঘাতের এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদল লোক একজনকে কোপানোর পর পুলিশ সন্দেহভাজন একজনকে গুলি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন।
টুইটে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। যদিও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এটিকে বড় ঘটনা হিসেবে ঘোষণা করে ঘটনাস্থলে বেশ কয়েকজন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলে লন্ডন অ্যাম্বুলেন্স জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিরা ত্বরিত পদক্ষেপ নেওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের জুনে তিন উগ্রবাদী লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি মেরে আটজনকে হত্যা করে।
এমএম





