নতুন বছরের শুরুতেই মুম্বাইয়ে সম্ভাব্য আরেকটি হামলা ঠেকানোর দাবি করেছে ভারতীয় পুলিশ। নববর্ষের মধ্যরাতে নতুন বছর উদযাপন অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

নতুন বছর শুরুর মুহূর্তটিতে গুজরাটের উপকূলে একটি রহস্যজনক ট্রলার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাছ ধরার এই ট্রলারটি পাকিস্তানের বন্দরনগরী করাচির নিকটবর্তী এলাকা থেকে ভারতের দিকে বিশেষ করে মুম্বাইয়ের উদ্দেশ্যে আসছিল বলে গোয়েন্দারা খবর পায়। ট্রলারটিতে ৪ জন ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

ট্রলারটি পুরবন্দরের নিকট আসলে কোস্টগার্ডের একটি জাহাজ পিছু নেয়। প্রায় তিন ঘণ্টা খোজাখুজির পরেও ট্রলারটিকে খুঁজে পাচ্ছিল না কোস্টগার্ড। এক পর্যায়ে পুরবন্দর থেকে জলপথে এক ঘণ্টার দূরত্বের গভীর সাগরে ট্রলারটিকে খুঁজে পায় কোস্টগার্ড। তখন এটিকে ধরে ফেলে কোস্টগার্ডের জাহাজ। তখন কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে তারা গুলি শুরু করে। এতে দুই পক্ষে গুলি বিনিময় শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক গুলি বিনিময়ের পর ট্রলারটিতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিপুল শব্দ এবং আগুনে ঝলকে উঠে ট্রলারটি। তবে, ট্রলারের ৪ যাত্রীর কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি। উল্লেখ্য, পুরবন্দর এলাকাটি গুজরাট থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর ঘটে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে ১৬৬ জন নিহত হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানের মাটি ব্যবহার করেই ওই হামলা চালানো হয়েছিল। তখনও করাচি থেকে সাগরপথে মুম্বাই বন্দরে অবতরণ করে হামলা চালানো হয়েছিল বলে ভারতের অভিযোগ।

এমএ