স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করতে বুধবারের মধ্যে নিজ দেশে ফিরে যাবেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।

দুই সপ্তাহ আগে অনেকটা হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। তার এই আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতি অস্থিতিশীলতা দেখা দেয়।

বিষয়টির একটা সুরাহার জন্য শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন তিনি। প্যারিসেই তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যে আমি বৈরুতে ফিরব।

‘আমি আমাদের স্বাধীনতার উৎসবে অংশ নেব আর সেখানেই সার্বিক পরিস্থিতিতে আমি আমার অবস্থান সবার সামনে তুলে ধরব।’ ২২ নভেম্বর লেবাননে স্বাধীনতা দিবস উৎদযাপিত হবে।

তার আগে শনিবার হারিরির দেশে ফেরার কথা জানিয়ে একটি বিবৃতি দেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল অন ও সংসদের স্পিকার নাবিহ বেরি।

অনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার প্যারিসে পৌঁছানোর পর হারিরি প্রেসিডেন্টকে ফোন করেন ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা জানান।

নিজের ফেসবুক পেজেও প্রায় একই ধরনের বিবৃতি দিয়েছেন বেরি। নভেম্বরের ৪ তারিখে সৌদি আরবের রিয়াদে পৌঁছানোর অল্প কিছুক্ষণের মধ্যেই লেবাননের প্রধানমন্ত্রীর পদ ত্যাগের ঘোষণা দেন হারিরি।

এরপর থেকে তিনি দেশে যাননি এবং শনিবারের প্যারিস সফরই ছিল পদত্যাগের ঘোষণার পর তার প্রথম সৌদির বাইরে সফর।

হারিরির পক্ষের লোকেদের সঙ্গে সঙ্গে তার বিরোধীরাও চেয়েছেন তিনি যেন দেশে ফিরে আসেন ও তার পদত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

জেড