ব্রিটিশ এমপি জর্জ গ্যালাওয়ে লন্ডনে হামলার শিকার হয়েছেন এবং আহত অবস্থায় তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলপন্থি এক ব্যক্তি তার ওপর হামলা চালায়।
লন্ডনের নটিং হিল এলাকার গলবর্ন রোডে গ্যালাওয়ে তার ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এ হামলার শিকার হন।
গ্যালাওয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইল-বিরোধী সাম্প্রতিক বক্তব্যের কারণে তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। মুখপাত্র জানান, ছবি তোলার সময় হঠাৎ করেই ওই ব্যক্তি গ্যালাওয়ের ওপর হামলা চালায় এবং নাকে-মুখে ঘুষি মারতে থাকে। এতে তার মুখমণ্ডলে কালশিরে দাগ পড়ে গেছে।
ফিলিস্তিনপন্থি ব্রিটিশ এই এমপি’র বুক ও পিঠের সংযোগকারী একটি হাড় ভেঙে গেছে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া, মুখমণ্ডল ও মাথায় তিনি মারাত্মক আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাকে প্যাডিংটনের সেন্ট ম্যারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হামলাকারীকে আটক করা হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে জর্জ গ্যালাওয়ে গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে তার নির্বাচনী এলাকাকে ইসরাইলমুক্ত ঘোষণা করেছিলেন এবং এ জন্য ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে তদ্ন্ত চালিয়েছে। এছাড়া, তিনি ইসরাইলি পণ্য বর্জনের জন্যও জনগণের প্রতি আহ্বান জানান।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





