ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে যুক্তরাষ্ট্র তার আকাশসীমায় রুশ ফ্লাইট নিষিদ্ধ করতে যাচ্ছে। ঠিক কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডাও একই পদক্ষেপ গ্রহণ করে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে 'পুতিনের যুদ্ধ' হিসেবে অভিহিত করে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন।
তিনি মঙ্গলবার রাতে বলেন, পুতিনের যুদ্ধ ছিল পূর্বপরিকল্পিত ও বিনা উস্কানিতে। পুতিন কূটনৈতিক প্রয়াস প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করেছিলেন, পাশ্চাত্য ও ন্যাটো জবাব দেবে না। তিনি মনে করেছিলেন, তিনি আমাদের বিভক্ত করতে পারবেন। পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেন বাইডেনের সাথে।
কিয়েভ টিভি টাওয়ারে রুশ হামলা, নিহত ৫
কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণ নিয়ে প্রাথমিক বিভ্রান্তির পর ইউক্রেনের সরকার থেকেই এখন বলা হচ্ছে টাওয়ারে রাশিয়া হামলা করেছে।
সরকারের জরুরি বিভাগ জানিয়েছে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং 'বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।'
ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। টাওয়ারের ওপর কোনো গোলা পড়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে সেখানে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি বিবিসি যাচাই করেছে।
এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয় রুশ সৈন্যরা নগরের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : আল জাজিরা ও বিবিসি।
এবিএস





