নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের জন্য হিলারি ক্লিনটন যোগ দিয়েছিলেন হলিউড তারকাদের এক অনুষ্ঠানে। জাস্টিন টিম্বারলেক, জেসিকা বিয়েল, জেনিফার অ্যানিস্টন, টবি ম্যাগুয়েরের মতো সব তারকাদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বেশ বড় অংকের তহবিল সংগ্রহ হয় হিলারির জন্য। অনুষ্ঠানটি আয়োজন করেন টিম্বারলেক-বিয়েল দম্পতি। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, মঙ্গলবারের হলিউড তারকাদের ওই সম্মিলনের আয়োজন করার কথা ছিল এ বছরের অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও’র। তবে শুটিংয়ের কারণে নিউ ইয়র্কে চলে যাওয়ার কারণে বন্ধু দম্পতি টিম্বারলেক-বিয়েলকে এর দায়িত্ব দিয়ে যান। ক্যালিফোর্নিয়ার ওই অনুষ্ঠানে ৩৩ লাখ ৬০ হাজার ডলার হিলারির নির্বাচনী তহবিলে জমা হয়েছে বলে জানিয়েছে হিলারি শিবির। তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানে বলিউড তারকাদের সঙ্গে বেশ হাসিখুশি সময় কাটান হিলারি। এ সময় টিম্বারলেক ও জেসিকা বিয়েলের সঙ্গে বেশকিছু ছবিও তোলেন তিনি। এর মধ্যে চারটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বিয়েল। তাতে নানা ভঙিমাতেই ওই দম্পতির সঙ্গে দেখা গেছে হিলারিকে।

28681_35ছবির ক্যাপশনে বিয়েল লিখেছেন, ‘দেখো, আমাদের সঙ্গে লাঞ্চ করার জন্য কে এসেছিল।’ এই অনুষ্ঠান ছাড়াও মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে আরও দুই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিলারি। তাতে আরও ১৮ লাখ ডলার জমা পড়ে তার তহবিলে। সব মিলিয়ে এবারে ক্যালিফোর্নিয়া থেকেই তার নির্বাচনী তহবিলে এখন পর্যন্ত জমা পড়লো ১ কোটি ১৪ লাখ ডলার।

এর আগে সোমবারও ক্যালিফোর্নিয়াতে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে তহবিল সংগ্রহকে এগিয়ে নিয়েছেন হিলারি। ওইদিন এক অনুষ্ঠানে তিনি সাক্ষাৎ করেন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসনের সঙ্গে। তাতে প্রায় পাঁচশ’ ব্যক্তি উপস্থিত ছিল হিলারিকে স্বাগত জানানোর জন্য। পরে ইউনিভিশনের স্বত্বাধিকারী হাইম সাবানের বাসায় করেন ডিনার। এ সময় আরও ছিলেন ডেনজেল ওয়াশিংটন, স্যামুয়েল এল জ্যাকসনের মতো তারকা এবং ওয়াল্ট ডিজনি কোম্পানির সিইও বব ইগার, ড্রিমওয়ার্ক অ্যানিমেশনের সিইও জেফ্রি ক্যাটজেনবার্গ। দীর্ঘদিনের রিপাবলিকান সমর্থন মার্কিন কম্পিউটার নির্মাতা এইচপি’র সিইও মেগ হুইটম্যান এ বছরে এসে সমর্থন দিয়েছেন হিলারিকে। তিনিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সোমবারের দুই অনুষ্ঠান থেকে ৬৩ লাখ ডলার জমা পড়ে হিলারির তহবিলে। হলিউড তারকাদের সঙ্গে তাই হিলারির কেমিস্ট্রি বেশ ভালোই যাচ্ছে বলা যায়।

এম এ