যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সাবেক মার্কিন সেনা চেলসি ম্যানিং গত বুধবার মুক্তি পান। মুক্তি পাওয়ার একদিনের মাথায় বৃহস্পতিবার তার ইনস্টাগ্রাম ও টুইটারে প্রথম ছবি পোস্ট করেন।

ছবিতে ২৯ বছর বয়সী ম্যানিংকে পুরোদস্তুর নারীবেশে দেখা গেছে। চুল ছোট করে ছাঁটা হলেও ঠোঁটে লাল লিপিস্টিক ও ভী গলার একটি গাঢ় রঙ্গের সোয়েটার পড়েছিলেন তিনি। পোস্টের শিরোনাম ছিল, ‘এই যে আমি এখানে।’

চেলসি ম্যানিং যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র উইকিলিকসে দেওয়ার অভিযোগে সাত বছর জেলে কাটিয়েছেন। গত বুধবার মুক্তি পান। কারগারে যাওয়ার সময় তিনি পরিচিত ছিলেন ব্র্যাডলি ম্যানিং নামে।

২০১০ সালে ইরাকে দায়িত্ব পালনের সময় তিনি যুক্তরাষ্ট্রের ৭ লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিকস ওয়েবসাইটকে প্রদান করেন। ২০১৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত ম্যানিংকে দোষী সাব্যস্ত করে ৩৫ বছরের কারাদন্ড দেয়।

একদিনের মাথায় তিনি নিজেকে নারী বলে দাবি করেন ও বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। সামরিক কারাগারে ম্যানিং প্রথম হরমোন চিকিৎসা নেন। পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে রাখা ম্যানিং আত্মহত্যার চেষ্টাও করেন।

এ বছর জানুয়ারিতে বিদায় নেওয়ার মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যানিংয়ের সাজার মেয়াদ কমিয়ে সাত বছর করেন। মুক্তি পাওয়ার পর ম্যানিং তাঁর পছন্দের বিভিন খাবারের ছবিও পোস্ট করেছেন যার মধ্যে রয়েছে পিজা ও শ্যাম্পেন।
জেড