নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগিরিতে একটি আবাসিক এলাকার সামনে আত্মঘাতী বোমা হামলায় ২ জন নিহত হয়। এই হামলায় আহত হয় ১৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, চারজন কিশোরী বোমা হামলাকারী বুধবার স্থানীয় সময় সোয়া ১২ টায় এই হামলা চালায়।

বর্নো রাজ্যে রাষ্ট্র পরিচালিত জরুরী সেবাদান সংস্থার একজন প্রতিনিধি জানান, আত্মঘাতী বোমা হামলাকারীরা একটি বাসার দরজায় কড়া নেড়ে এই বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, এরকম ব্যক্তিগত বাড়িতে হামলা এখন নতুন একটি কৌশল। তারা একজন স্থানীয় নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
বর্নো রাজ্যের পুলিশ কমিশনার বলেন, ‘স্থানীয় নেতাদেরকে জনগণের মধ্যে কারও সঙ্গে দেখা করার কথা না থাকলে দরজা না খোলার ব্যাপারে সচেতনটা সৃষ্টি করা দরকার।’

বোকো হারাম ৮ বছর ধরে এই অঞ্চলে এধরণের হামলা চালিয়ে আসছে এবং এদের প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে কিশোরীদেরকে। তারা বিশেষভাবে এই তরুণীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গত বেশ কয়েক বছরে অন্তত ২০০ জন কিশোরী নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়।

সূত্র : আল-জাজিরা