ভারতের ঝাড়খণ্ডে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করায় এক মুসলিম যুবককে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত বুধবার রাজ্যের গুমলা জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ জানিয়েছে, গ্রামবাসী যুবককে গাছের সঙ্গে বেঁধে কয়েক ঘণ্টা ধরে মারধর করে। এতে মৃত্যুবরণ করে ২০ বছর বয়সী ওই মুসলিম যুবক।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নিহত মুসলিম যুবকের নাম মোহাম্মাদ শাকিল। সে গুমলা শহরের রাজা কলোনীর বাসিন্দা। শাকিলের পার্শ্ববর্তী সোসো গ্রামের একটি হিন্দু মেয়ের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
পুলিশ জানায়, বুধবার মেয়েটি ওই যুবককে (প্রেমিক) গুমলা শহরে ‘রাম নবমী’র মিছিলে সাক্ষাৎ করার জন্য আসতে বলে। শাকিল প্রথমে ভয়ে সেখানে আসতে অস্বীকৃতি জানায়। কিন্তু অবশেষে সে স্কুটিতে করে তার সঙ্গে দেখা করতে যায় এবং সাক্ষাৎ শেষে সে মেয়েটিকে বাড়িতে ছেড়ে আসতে যায়।
মেয়েটির উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, এসময় একদল প্রতিবেশী শাকিলকে দেখতে পেয়ে তাকে ঘিরে ফেলে। অতঃপর তাকে গাছের সঙ্গে বেঁধে কয়েক ঘণ্টা ধরে পাশবিকভাবে মারধর করে। বৃহস্পতিবার অবশেষে জীবনের কাছে হার মানে ওই যুবক।
গুমলা পুলিশ সুপার চন্দন কুমার ঝা বলেন, পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে এবং অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি এফআইআর দায়ের করেছে। তিনি বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। গ্রামবাসী আমাদের জানিয়েছেন আগে ছেলেটিকে মেয়েটির সঙ্গে কখনও দেখা না করতে ও গ্রামে আসতে বারণ করা হয়।’
পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশে ক্রমবর্ধমাণ সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটল। গত সপ্তাহে রাজস্তান রাজ্যে হিন্দু গোরক্ষকদের পাশবিক হামলায় এক মুসলিম নিহত হন। আহত হন আরও ৬জন।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





