এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিন দফায় হোঁচট খেয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৯ মার্চ) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে এই ঘটনা ঘটে।
তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, ওই ঘটনায় বাইডেন কোনও আঘাত পাননি। তিনি সুস্থ রয়েছেন।
গত ১৬ মার্চ আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এই ঘটনায় স্থানীয় শুক্রবার স্থানীয় এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল বাইডেনের। সেখানে যাওয়ার প্রাক্কালেই এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে দফায় দফায় হোঁচট খান তিনি।
একটি ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে উঠছেন বাইডেন। তবে মাঝপথে পা ফসকে যায় প্রেসিডেন্টের। হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরে ছিলেন ৭৮ বছরের এই রাজনীতিক। এরপরও আরও কয়েকবার হোঁচট খেতে দেখা গেছে বাইডেনক।
তবে নিজেকে সামলে নেন বাইডেন। বিমানের দরজায় পৌঁছে রীতিমাফিক বিদায়ী অভিবাদনও জানান তিনি। এরপর বাইডেন আটলান্টার সভায় যোগ দেন।
এমবি





