ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের বার্তসংস্থা আমাক-এ দেয়া এক বিবৃতিতে সোমবারের এ হামলার দায় স্বীকার করেছে।
চিকিৎসকদের বরাতে হতাহতের বিষয়টি জানিয়েছে বিবিসি অনলাইন।
চিকিৎসা সহায়তাকারী সংগঠন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) ওই হামলায় আরও ৬০ জন আহতের কথা জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, সোমবার দক্ষিণাঞ্চলীয় এলাকা এডেনের একটি প্রশিক্ষণ শিবিরে এক হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশ করে। এরপর প্রশিক্ষণরত সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
ইয়েমেনে বিগত ১৭ মাস ধরে সৌদি সমর্থিত সরকার ও হুথি বিদ্রোহীদের চলা লড়াইয়ের অবসানে যখন দু'পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনই এ হামলা হল।
ইয়েমেনের হুথি বিদ্রোহী দমনে সৌদি জোটকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে।
সম্প্রতি জাতিসংঘ জানায়, সৌদি জোটের অভিযান ও হুথি বিদ্রোহীদের হামলায় দেশটিতে ৬ হাজার ৬০০ মানুষ মারা যায়। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এমবি





