নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের অ্যাসবার্টন শহরে জনকল্যাণ কার্যালয়ে সোমবার এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এরপর ওই বন্দুকধারী মোটর সাইকেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বন্দুকধারীর নাম জন হেনরি টালি। তাকে খুঁজতে তল্লাশি অভিযান চলছে। এ কারণে দক্ষিণাঞ্চলের অ্যাসবার্টন শহর বন্ধ করে দেয়া হয়েছে। বাসিন্দাদের ঘরের ভিতর অবস্থান ও বন্দুকধারীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
শহরের চারপাশে সশস্ত্র কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ পরিস্থিতি এখনও চলছে।
পুলিশ জানায়, বন্দুকধারী সকালের দিকে ওয়ার্ক অ্যান্ড ইনকাম নিউজিল্যান্ড (ডব্লিউআইএনজেড) কার্যালয়ে ঢুকে শটগান দিয়ে গুলিবর্ষণ করে। এরপর সে মোটর সাইকেলে পালিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত দু’জনই নারী।
ঢাকা, ০১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





