ভারতের রাজধানী নয়াদিল্লির এক হোটেলে ২৭ বছর বয়সী এক নার্সকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির একটি হোটেলে। ১৫ তারিখ দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও সোমবার পুলিশে অভিযোগ দেয়ার পরে তা গণমাধ্যমে আসে। এদিকে, উত্তর প্রদেশে ৩৩ বছরের এক নারীকে গণধর্ষণের পর নগ্ন করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
১৫ তারিখ দিবাগত রাতে 'ওবেরয়' নামের ওই হোটেলের স্টাফ কোয়ার্টারে অসুস্থ এক বৃদ্ধার দেখাশোনার দায়িত্বে থাকা নার্সকে ধর্ষণ করে হোটেলেরই দুই কর্মচারী নীরজ ও রাজন। ওই নার্স একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। সেদিন রাতে কাজে ব্যস্ত থাকার সুযোগে তাকে জোরপূর্বক স্টাফ কোয়ার্টারে নিয়ে ধর্ষণ করে দুই কর্মচারী।
ঘটনার দুদিন পেরিয়ে গেলেও কী করবে তা বুঝে উঠতে পারছিলেন না ওই নার্স। পরে রবিবার রাতে ফের ধর্ষণ করতে আসে ওই দুই কর্মচারী। তখন তিনি বিষয়টি তার স্বামীকে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে দুই কর্মচারীকে আটক করে ও নার্সকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ভারতের উত্তর প্রদেশের কনৌজের উমরদা এলাকায় ৩৩ বছরের এক নারীকে গণধর্ষণের পর নগ্ন অবস্থায় গাছে ঝুলিয়ে দিয়েছে তিন দুষ্কৃতিকারী।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের লোকসভা কেন্দ্র হিসেবে পরিচিত কনৌজে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ১৬-১৭ আগস্ট রাতে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
কনৌজের উমরদা থানা এলাকায় ১৬-১৭ আগস্ট রাতে তিন দুষ্কৃতিকারী এক নারীকে গণধর্ষণ করে। গণধর্ষণের পর তাকে নগ্ন অবস্থায় গাছে ঝুলিয়ে দেয় তিনজন। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতীর মধ্যে একজন গ্রাম প্রধানের ছেলে। পেশায় সে স্কুল শিক্ষক। নগ্ন অবস্থায় নারীকে ধর্ষণের পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় মানুষ ধর্ষিতা নারীকে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা স্থিতিশীল। এদিকে, অভিযুক্তদের সন্ধানে জোর তল্লাশি চালাচেছ পুলিশ। উমরদা থানার স্টেশন অফিসার ইমরান খান জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





