ন্যাটো রোববার দিনের শেষ দিকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আফগানিস্তানে তাদের ১৩ বছরের যুদ্ধের অবসান ঘটাচ্ছে। এ যুদ্ধের ফলে দেশটিতে ভয়াবহ সহিংসতা দেখা দেয়।

তালেবানদের হামলার আশঙ্কায় গোপনীয়তার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ন্যাটোর একটি ‘প্রশিক্ষণ ও সহায়তা’মিশন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) এর কমব্যাট মিশনের স্থলাভিষিক্ত হবে। ২০০১ সালে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমব্যাট মিশনের ৩ হাজার ৪৮৫ সৈন্য নিহত হয়েছে।

আফগানিস্তানে থেকে যাওয়া প্রায় ১২ হাজার ৫০০ বিদেশী সৈন্য সরাসরি লড়াইয়ে অংশ নিবে না। তবে তারা আফগান সেনাবাহিনী ও পুলিশকে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।

ন্যাটোর এক কর্মকর্তা জানান, আইএসএএফ কমান্ডার মার্কিন জেনারেল জন ক্যাম্পবেল কাবুলে আইএসএএফ এর সদরদপ্তরে রোববারের ওই অনুষ্ঠান পরিচালনা করবেন।

রোববারের অনুষ্ঠানের মাধ্যমে সাড়ে তিন লাখ আফগান সৈন্যের কাছে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে হস্তান্তর করা হবে।

এমএ