ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসে এক বছরে ১০ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ পুলিশ ধর্ষণের প্রতি তিনটি ঘটনার একটি অগ্রাহ্য করে বলে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
এইচএমআইসি নামের এই সংস্থা জানিয়েছে, ব্রিটিশ পুলিশ অনেক অপরাধকেই অপরাধ হিসেবে বিবেচনা করে না। অপরাধের সঠিক পরিসংখ্যান অনুযায়ী উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কামব্রিয়া শহরে বয়স্কদের ধর্ষণের ঘটনা ৩ শতাংশ এবং পূর্বের লিংকনশায়ার শহরে ৩৩ শতাংশ বেড়েছে।
২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত সময় থেকে এর আগের ১২ মাসে ইংল্যান্ড ও ওয়েলসে বয়স্কদের প্রায় ১০ হাজার ধর্ষণের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। কিন্তু এইসব ঘটনার পর শতকরা মাত্র ১৮ ভাগ ক্ষেত্রে নিষেধাজ্ঞার উপায় বের করা হয়েছে এবং কেবল একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বা অপরাধীকে সতর্ক করে দেয়া হয়েছে।
সেন্টার ফর ক্রাইম প্রিভেনশন সংস্থার ডিরেক্টর পিটার কাথবারস্টন বলেছেন, এটা চরম উদ্বেগের বিষয় যে সবচেয়ে মারাত্মক অপরাধের অনেক ঘটনাই যথাযথভাবে নথিবদ্ধ করা হয় না। ব্রিটেনের সংসদে তোলা একটি প্রশ্নের জবাবে বলা হয়েছে, দেশটির পুলিশ ২০১২-১৩ সালে ১৭ হাজার ৬১টি ধর্ষণের রিপোর্ট থেকে মাত্র ৫ হাজার ৪০৪টি ঘটনার কথা ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএসকে জানিয়েছে।
দেশটির শীর্ষ কৌঁসলি কিয়ের স্টারমেরও সতর্ক করে দিয়ে বলেছেন যে, ধর্ষণের ও অন্যান্য যৌন নির্যাতনের ১০টি ঘটনার মধ্যে ৯টি ঘটনাই রিপোর্ট করা হয় না। যৌন পাশবিকতার শিকার ব্যক্তিরা ব্রিটেনের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন না বলেই এমনটি ঘটছে বলে তিনি জানান। ধর্ষণের ও অন্যান্য যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে কেবল ১০ শতাংশই পুলিশের কাছে রিপোর্ট করেন।
কারণ এ ধরনের পাশবিকতার শিকারদের বেশিরভাগই মনে করেন যে, ব্রিটেনের অপরাধ আদালত তাদের সহায়তা করবে না। সূত্র: লন্ডন টাইমস
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]





