২০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলাকারীদের অন্তত দুইজন ইসলাম ধর্ম প্রচারক টেলিভিশন বক্তা ডা. জাকির নায়েককে অনুসরণ করতো। ওই বছর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ভারতের প্রশাসন।

এরপর থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে ইসলাম ধর্ম প্রচার করছেন তিনি। ডা. জাকির নায়েককে ইতিমধ্যেই স্থায়ী নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়া সরকার। 

ভারত ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায়ও বন্ধ হলো‘পিস টিভি’র সম্প্রচার। জাকির নায়েকের ‘পিস টিভি’র বিরুদ্ধে জিহাদের নামে উগ্রবাদে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দাদেরদাবি, তার লেকচারের কিছু অংশ ব্যবহার করে যুবকদের মগজ ধোলাই করছে ইসলামিক স্টেট, খবর পিটিআই।  

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলার ঘটনায় ইসলামিক স্টেট (আইএস)’র পক্ষ থেকে দায় স্বীকারের পর দেশটির ক্যাবল অপারেটররাও ডা. জাকির নায়েকের ‘পিস টিভি’ নিয়ে সতর্ক হয়ে উঠেছে। শ্রীলঙ্কার সব থেকে বড় দুই কেবল অপারেটর- ডায়ালগ ও এসএলটি জানিয়েছে, তারা তাদের চ্যানেলের তালিকা থেকে ‘পিস টিভি’কে বাদ দিয়েছে। 

এদিকে সোমবার (২৯ এপ্রিল) কেরালার পালাক্কড থেকে আবু দুজানা নামের এক আইএস জঙ্গিকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)৷ গোয়েন্দাদের দাবি, শ্রীলঙ্কা বিস্ফোরণের মূল হোতা জাহরান হাশমির সঙ্গে যোগাযোগ ছিল দুজনার৷ জিজ্ঞাসাবাদে ওই আইএস জঙ্গি জানিয়েছে, সে নিয়মিত ‘পিস টিভি’তে ডা. জাকির নায়েকের বক্তৃতা শুনতো৷  

উল্লেখ্য, গত ২১ এপ্রিল (রোববার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ ৮টি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়।

হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার।

‘আইএস’র পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে।

এমবি