আরো একটি এলাকা পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। দীর্ঘদিন ধরে চালিত অভিযানে মসুলের পশ্চিম অংশে অবস্থিত এই এলাকা উদ্ধার করে তারা।

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ মসুলে যখন তাদের শেষ নি:শ্বাস ফেলছে তখন ইরাকি সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে এ সাফল্যের খবর এলো।

ইরাকের সন্ত্রাস বিরোধী বিশেষ বাহিনী মসুলের পশ্চিম অংশের আল-সাহা আল-উলা এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে মসুল অপারেশনের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালনে নিয়োজিত সামরিক কমান্ডের প্রধান লে. জেনারেল আব্দুলআমির ইয়ারাল্লাহ জানিয়েছেন।

ইরাকি ফেডারেল পুলিশ পশ্চিম মসুলের আরেকটি এলাকায় অভিযান চালাচ্ছে বলে এর কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকির জাওদাত ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পর এসব সাফল্যের খবর এলো।

ইরাকি ফেডারেল পুলিশ অত্যান্ত সতর্কতার সঙ্গে অভিযান অব্যাহত রেখেছে এবং আল জানজিলির ৪০ ভাগ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেও জানান জেনারেল ইয়ারাল্লাহ।

এছাড়া, মসুলের আল শিফা এলাকায় ইরাকি নিরাপত্তা বাহিনীর একই ধরনের অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে। ঘনবসতিপুর্ণ এ তিনটি এলাকা পুরাতন মসুলের উত্তর অংশে অবস্থিত।

দায়েশ নিয়ন্ত্রিত মসুলের বিভিন্ন অংশে এখনো ২ লাখ বেসামরিক ব্যক্তি অবরুদ্ধ হয়ে আছেন এবং তারা মানবেতর জীবন যাপন করছে বলে জাতিসংঘ জানিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই পুরাতন শহরের অধিবাসী।
জেড