চাদ প্রজাতন্ত্রে কাউকে বোরকা পরিহিত অবস্থায় দেখলেই গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। বোকো হারামের আত্মঘাতী হামলার একদিন পর গত রবিবার এ ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির।
চাদের রাজধানী দেজামেনার একটি মার্কেটে গত শনিবার এক আত্মঘাতী বোমা হামলা চালায় বোকো হারামের এক সদস্য। নারীর ছদ্মবেশে চালানো ওই হামলায় ১৫ জন নিহত ও ৮০ জন আহত হয়।
আফ্রিকান দেশটির পুলিশ বিভাগের মুখপাত্র পল মাঙ্গা বলেন, ‘এ হামলা মুখঢাকা বোরকা নিষিদ্ধের সিদ্ধান্তকেই সত্যায়ন করেছে।’
তিনি আরও বলেন, ‘এটার (নিষেধাজ্ঞা) প্রতি সবার শ্রদ্ধা দেখাতে হবে। যারা এ আইন মানবে না তাদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হবে।’
বোকো হারামের হামলার পরিপ্রেক্ষিতে গত জুনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ চাদ প্রজাতন্ত্রে মুখ ঢাকা বোরকা পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবিতে নাইজেরিয়ায় সশস্ত্র হামলা চালিয়ে আসছে বোকো হারাম। সম্প্রতি সংগঠনটি তাদের হামলার সীমানা নাইজার, চাদ ও ক্যামেরুনে বিস্তৃত করেছে। সংগঠনটিকে রুখতে ওই চার দেশ সম্মিলিতভাবে সেনা সদস্যদের মাঠে নামিয়েছে।
এএইচ





