মিশরে বন্দুকধারীদের গুলিতে সেনাবাহিনীর এক কর্নেল নিহত ও দুই সৈন্য আহত হয়েছে। শুক্রবার রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে একটি হোটেলের বাইরে এই ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সেনাপ্রধান সিসির অপশাসনের বিরুদ্ধে ডাকা একটি বিক্ষোভ কর্মসূচির কয়েক ঘন্টা আগে এ ঘটনা ঘটলো। সেনাশাসন বিরোধী এই বিক্ষোভ কর্মসূচির কারণে পুলিশ ও সেনাবাহিনী কায়রো ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। তবে গত বছর জুলাই মাসে সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে অনেক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।
মুরসিকে ক্ষমতাচ্যুত ও কারাবন্দী করার পর তার সমর্থকদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় সেনাবাহিনী। এসব দমন অভিযানে কয়েকশ’লোক সমর্থক নিহত হন এবং কয়েক হাজার সমর্থককে কারাবন্দী করা হয়।
অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে সিনাই উপদ্বীপের উত্তরে যেখানে একটি সশস্ত্র গ্রুপ ইরাক ও সিরিয়ার অংশবিশেষের নিয়ন্ত্রণে থাকা ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
আনসার বাইত-আল মোকাদ্দিস গ্রুপ কায়রোতে ও নাইল ভ্যালিতে হামলা চালিয়েছে এবং গতবছর গাড়ি বোমা হামলার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে।
এমএ





