ইসলামিক স্টেট (আইএস)- এর সদস্যরা ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৩০০ জিম্মিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ইয়াজিদি ও ইরাকি কর্মকর্তারা এ দাবি জানান।

বিবিসি'র খবরে বলা হয়েছে, দেশটির মসুলের পশ্চিমাঞ্চলে এ হত্যাকাণ্ড ঘটেছে। ইয়াজিদি প্রোগ্রেস পার্টির এক বিবৃতিতে দাবি করা হয়, গত শুক্রবার মসুল শহরের কাছে তাল আফার জেলায় ৩০০ জন ইয়াজিদি জিম্মিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। তবে ইয়াজিদি সম্প্রদায়ের এই সদস্যদের কীভাবে বা কেন হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

হত্যাকাণ্ডের এই খবরকে লোমহর্ষক ও বর্বর বলে আখ্যায়িত করেছেন ইরাকি ভাইস প্রেসিডেন্ট ওসামা আল-নুজাইফি।

ইরাকে গত বছর ইয়াজিদি সম্প্রদায়ের হাজারো সদস্যকে জিম্মি করে আইএস। এর আগেও আইএসের বিরুদ্ধে ইয়াজিদি সম্প্রদায়ের সদস্যদের গণহারে হত্যার অভিযোগ ওঠে।

কেএইচ