ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। চিকিৎসার জন্য তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। তার স্তনে এক ইঞ্চি লম্বা একটি টিউমার ধরা পড়েছে। স্তনের এ টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে কি না তা জানা যাবে আজ সোমবার। আজ তার ক্যান্সার পরীক্ষার রিপোর্ট দেয়া হবে।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তসলিমা নাসরিন। টুইটারে এক বার্তায় তিনি এ উদ্বেগের কথা জানান। গত শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।
টুইটারে তসলিমা নাসরিন জানান, কয়েক দিন ধরে একটু একটু কাশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন। তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার বায়োপ্সি করা হয়। সোমবার বায়োপ্সির রিপোর্ট দেয়ার কথা রয়েছে।
ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি। ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
প্রসঙ্গত বিতর্কিত এ লেখিকা নিজেও একজন ডাক্তার। ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন। দীর্ঘদিন নির্বাসিত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের এ লেখিকা ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র-ইউরোপের বেশকিছু দেশে অবস্থান করেছেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]