ইন্টারনেটে প্রচারিত আল কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত একটি অডিও-বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।
আল কায়েদার প্রচার বিভাগ থেকে জিহাদি ফোরামে বার্তাটি পোস্ট করা হয়েছে, যাতে আয়মান আল জাওয়াহিরির ছবি দেওয়া হয়েছে।
আরবি ভাষায় দেওয়া বার্তাটি জাওয়াহিরির বলে দাবি করা হয়েছে এবং এই বার্তা দিয়ে তৈরি এক ভিডিওতে ইংরেজি সাব-টাইটেল দেওয়া হয়েছে।
কথিত এই বার্তার শিরোনাম দেওয়া হয়েছে 'বাংলাদেশ : আ ম্যাসাকার বিহাইন্ড ও ওয়াল অফ সাইলেন্স'।
এতে বলা হয়েছে 'ইসলাম-বিরোধী একটি ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের পথেঘাটে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।'
নিজেকে আয়মান আল জাওয়াহিরি দাবি করে ওই বক্তব্যে বাংলাদেশে 'ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতি জিহাদ গড়ে তোলার'আহ্বান জানানো হয়েছে।
কথিত এই বার্তায় জাওয়াহিরি বলেছেন "মুসলিমদের প্রতি আজ এক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং মুসলিম বিশ্ব নীরব দর্শক হয়ে রয়েছে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো খুনিদের সঙ্গে হাত মিলিয়ে এই সত্য চাপা দিচ্ছে।"
এতে বলা হয়েছে 'বাংলাদেশ এক ষড়যন্ত্রের শিকার। এই দেশের মুসলমানদের সম্মান আজ ভূলুণ্ঠিত। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারতীয় এজেন্টরা,পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনানেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বাসঘাতক ক্ষমতালিপ্সু রাজনীতিকরা। তারা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। এই ষড়যন্ত্রে তারা সমান অংশীদার।'
প্রায় ২৯ মিনিটের দীর্ঘ এই অডিও-ভিডিও চিত্রের শুরুতে গত বছর মে মাসে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কিছু ছবি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আল কায়েদার আহ্বান হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই বলে জনিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা৷ তারা বলছেন, এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বাংলাদেশ তাদের টার্গেটে পরিণত হতে পারে৷
জাওয়াহিরি বলেন, ‘‘বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা ক্রুসেড ঘোষণা করেছে, তাদের প্রতিরোধ করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি৷ উপমহাদেশ ও পশ্চিমের শীর্ষ ক্রিমিনালরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে আপনাদেরকে তারা অবিশ্বাসীদের দাসে পরিণত করতে পারে।"
বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান (অব.) ডয়চে ভেলেকে জানান, আল কায়েদা নেতার এই ভিডিও বার্তাকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই৷ তারা সরাসরি বাংলাদেশে হামলার হুমকি না দিলেও ইসলাম বিরোধীদের প্রতিরোধের আহ্বান ইঙ্গিতপূর্ণ৷ তিনি বলেন, ‘‘এটা নিশ্চিত যে আল কায়েদা এখন বাংলাদেশের দিকে নজর রাখছে।"
‘‘আল কায়েদা সরাসরি বাংলাদেশে সক্রিয় এমন কোনো তথ্য এখনো পাওয়া না গেলেও তাদের অনুসারী আছে বলে ধারণা করা যায়৷''
তিনি বলেন, ‘‘আল কায়েদা এতদিন বাংলাদেশ সম্পর্কে তেমন আগ্রহ দেখায়নি৷ কারণ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে তেমন সক্রিয় নয়৷ কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কয়েকটি ইসলামি সংগঠনের সহিংস তৎপরতা এবং তাদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান আল কায়েদাকে বাংলাদেশের প্রতি আগ্রহী করে তুলছে।"
শাহেদুল আনাম খান বলেন, ‘‘সরকারকে এখনই সতর্ক হতে হবে৷ নয়তো বাংলাদেশ আল কায়েদার টার্গেটে পরিণত হতে পারে৷ আয়মান আল-জাওয়াহিরির বার্তা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করবে৷ আর বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোর একাংশ সরাসরি না হলেও আল কায়েদার ভাবাদর্শে উদ্বুদ্ধ৷ তাই সরকারকে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি নয়, সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।"
উল্লেখ্য, বাংলাদেশ নিয়ে এর আগেও আল কায়েদা অডিও বার্তা প্রকাশ করেছে৷ আর যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর তেহরিকই তালিবান পাকিস্তান নামের একটি জঙ্গি সংগঠন পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল। সূত্র: বিবিসি ও ডয়চে ভেলে
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]





