টয়লেট পেপারে হংকংয়ের প্রধান প্রশাসকের ছবি ছাপিয়ে তা দেদারছে বিক্রি হচ্ছিল। গতকাল শুক্রবার এরকম ছবি সংবলিত প্রায় সাত হাজার ৬০০ টয়লেট রোল ও ২০ হাজার প্যাকেট জব্দ করেছে চীনা কর্তৃপক্ষ। শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
চীনের কেন্দ্রীয় সরকারের মনোনীত হংকংয়ের প্রধান প্রশাসক সি লিউং হংকংবাসীদের কাছে খুবই অজনপ্রিয়। এ নিয়ে গত বছরে ব্যাপক আন্দোলনও করে হংকংবাসীরা। কিন্তু আন্দোলন করে সফল হতে পারেনি তারা। তাই এবার তারা প্রতিবাদ হিসেবে টয়লেট পেপারে লিউংয়ের ছবি ছাপিয়ে তা বিক্রি করছে। হংকংয়ের অধিবাসীরা এই টয়লেট পেপার কিনছেও দেদারছে।
হংকংয়ের আন্দোলেনের অন্যতম নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হংকং ডেমোক্রেটিক পার্টি এই টয়লেট পেপার উৎপাদনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আগামী সপ্তাহে হংকংয়ের অনুষ্ঠিতব্য এক আন্তর্যাতিক মেলায় এই টয়লেট পেপার বিক্রির জন্য উৎপাদন করা হচ্ছিল।
শুক্রবার অভিযান চালিয়ে চীনের মূল ভূখন্ডের একটি কারখানা থেকে এসব টয়লেট পেপার জব্দ করা হয়। হংকং ডেমোক্রেটিক পার্টি এই ঘটনাকে মত প্রকাশের পথে বাধা বলে উল্লেখ করেছে। গত বছরও এক মেলায় এই টয়লেট পেপার বিক্রি হয় ব্যাপকহারে।
টয়লেট পেপারে সি লিউংয়ের ছবিতে দেখা গেছে তার কপালে কিছু শব্দ লেখা। এসব লেখায় তাকে নেকড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। জব্দকৃত টয়লেট পেপারের মূল্য ১২ হাজার ৯০০ মার্কিন ডলার বলে জানা গেছে।
তবে, এ ব্যাপারে চীন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর হংকংয়ের প্রশাসক নিয়োগের নিয়মের বিরুদ্ধে হাজার হাজার হংকংবাসী রাস্তায় নেমে আসেন। দীর্ঘদিন ধরে তারা রাস্তা অবরোধ করে অবস্থান করেন। ২০১৭ সালে হংকংয়ের নতুন প্রশাসক নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, প্রশাসক নির্বাচনের জন্য যারা প্রার্থী হবেন তাদেরকে চীনা কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত হতে হবে। এটা নিয়েই হংকংবাসীদের আপত্তি। তাদের দাবি, চীনা কর্তৃপক্ষের নির্ধারিত নয় বরং স্বাধীনভাবে যে কেউ প্রার্থী হওয়ার অধিকার দিতে হবে।
এমএ





