মিশরকে সামরিক সহায়তা দেয়ার ওপর স্থগিতাবস্থা আংশিকভাবে তুলে নেয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে ১০টি অ্যাপাশে হেলিকপ্টার দিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিশরের নতুন নেতৃত্বকে সিনাই উপদ্বীপে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সহায়তার জন্য শিগগির এসব বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘কয়েক সপ্তাহ আগে বিমানগুলো ওখানে পৌঁছেছে।’

প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি’র সঙ্গে ফোনে কথা বলেন এবং গণ-বিচার প্রক্রিয়া এবং সাংবাদিক ও শান্তিকামী অধিকার কর্মীদের অব্যাহতভাবে আটক করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

হোয়াইট হাউস জানায়, এক টলিফোন আলাপে ওবামা যুক্তরাষ্ট্র সিসিকে মিশরের জনগণের রাজনৈতিক, অর্থিনৈতিক ও সামাজিক প্রত্যাশা পূরণে বিনিয়োগে উৎসাহিত করেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা মিশরে গণ-বিচার প্রক্রিয়া, এনজিও পরিস্থিতি এবং সাংবাদিক ও শান্তিপূর্ণ অধিকার কর্মীদের অব্যাহতভাবে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন।

মিশরে সামরিক বাহিনী গত বছর ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইর উপদ্বীপাঞ্চলে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

২৪ অক্টোবর আল-আরিশ এলাকার কাছে এক আত্মঘাতী বোমা হামলায় ৩০ সৈন্য নিহত হওয়ার পর সরকার উত্তর সিনাইয়ের কিছু কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে। এটি ছিল মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক হামলা।

সশস্ত্র সংগঠনগুলো দাবি করে যে, মুরসি সমর্থকদের ওপর সরকারের দমন অভিযানের প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালায়। ওই দমন অভিযানে কয়েক শ’লোক নিহত ও কয়েক হাজার জনকে কারাবন্দি করা হয়।

এমএ